মালদ্বীপে ইমিগ্রেশন হবে মাত্র ৭ সেকেন্ডে, কারা পাবেন এ সুবিধা?

বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন-সুবিধা চালু করেছে মালদ্বীপ। এখন থেকে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশি পর্যটকেরা ই-গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মালদ্বীপের অভিবাসন বিভাগ এ সুবিধা চালুর ঘোষণা দেয়।

নতুন ব্যবস্থায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যটকদের ই-ভিসা স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা হবে। ফলে ভিসার জন্য আলাদা করে আবেদন বা অপেক্ষা করার প্রয়োজন হবে না। তবে মালদ্বীপে যাওয়ার আগে আইএমইউজিএ (IMUGA) পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন জমা দিতে হবে।

নতুন ব্যবস্থায় মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে যোগ্য পর্যটকদের পরিচয় যাচাই করে মাত্র ৬ থেকে ৭ সেকেন্ডে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এতে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও যাত্রীদের ভিড় কমবে বলে আশা করছে দেশটির অভিবাসন বিভাগ।

ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে মোট ৩৫টি ই-গেট চালু রয়েছে। এর মধ্যে ২০টি আগমনী এবং ১৫টি বহির্গামী যাত্রীদের জন্য নির্ধারিত।

এত দিন শুধু মালদ্বীপের নাগরিকরা এ সুবিধা পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশি পর্যটকেরাও ই-গেট ব্যবহার করতে পারবেন। এ সুবিধা সম্প্রসারণের ফলে দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য এত বড় পরিসরে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন-ব্যবস্থা চালু করলো মালদ্বীপ।

প্রাথমিকভাবে ৪৬টি দেশের পাসপোর্টধারী পর্যটকরা এ সুবিধা পাবেন। তবে তাদের ৩১টি নির্ধারিত এয়ারলাইন্সের কোনো একটিতে ভ্রমণ করতে হবে। এছাড়া পর্যটকদের ই-পাসপোর্ট থাকতে হবে এবং নির্ধারিত যোগ্যতা ও নিয়মকানুন পূরণ করতে হবে।

ই-গেটে মুখমণ্ডল ও চোখের আইরিসের তথ্য ই-পাসপোর্টের চিপে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।

এছাড়া পাসপোর্টের চিপে থাকা তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য প্যাসিভ অথেনটিকেশন (পিএ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি চিপে সংরক্ষিত তথ্যের সত্যতা ও অখণ্ডতা যাচাই করবে। অন্যদিকে, অ্যাকটিভ অথেনটিকেশন (এএ) প্রযুক্তি নিশ্চিত করবে, পাসপোর্টের চিপটি আসল এবং ক্লোন করা হয়নি। বায়োমেট্রিক যাচাইয়ের পাশাপাশি এসব প্রযুক্তি পরিচয় জালিয়াতি প্রতিরোধ ও সীমান্তের নিরাপত্তা জোরদারে সহায়তা করবে।

এদিকে, পর্যটক ভিসায় মালদ্বীপে প্রবেশকারী বিদেশিরা ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা পাবেন। তারা ই-গেট ব্যবহার করুন কিংবা ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পন্ন করুন, উভয় ক্ষেত্রেই এ সুবিধা পাওয়া যাবে।

ভিসার মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য পর্যটকদের দেওয়া ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। IMUGA পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন জমা দেওয়ার সময় যে ই-মেইল ঠিকানা দেওয়া হবে, সেখানেই ভিসার তথ্য পাঠানো হবে। মালদ্বীপ ছেড়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তাদের ভিসা বাতিল হয়ে যাবে।

আগমন ও বহির্গমন - উভয় ক্ষেত্রেই যোগ্য বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন-সুবিধা সম্প্রসারণকে দেশটির অভিবাসন সেবার আধুনিকায়নে বড় অগ্রগতি হিসেবে দেখছে মালদ্বীপের অভিবাসন বিভাগ।

উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সীমান্তের নিরাপত্তা জোরদার, ইমিগ্রেশন কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং ভ্রমণকারীদের জন্য দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।