দিনে ১১৩টি চকলেট খেলেই কোটি টাকা বেতন, আবেদনের সুযোগ শিশুদেরও

চকলেট খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের তালিকায় মিষ্টি জাতীয় এ খাবারটি থাকবেই। জন্মদিন বা অন্যকোনো উৎসবে উপহার হিসেবেও চকলেট একটি বড় অনুষঙ্গ। 

দাঁতের ক্ষতি হবে জেনেও স্বাদের কাছে হার মেনে নিতে হয় চকলেটপ্রেমীদের। কিন্তু কখনো কী ভেবেছেন বিনামূল্যে চকলেট খেয়ে অর্থও আয় করা যায়? যদি এমন সুযোগ দেওয়া হয় তাহলে বিষয়টি কেমন হয়? চকলেট প্রস্তুতকারক কানাডিয়ান প্রতিষ্ঠান “ক্যান্ডি ফানহাউজ” চকলেটপ্রেমীদের জন্য তেমনই এক সুযোগ নিয়ে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে কানাডার প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লাখ মার্কিন ডলার (৯৫ লাখ টাকা) বেতনে চিফ ক্যান্ডি অফিসার (সিসিও) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। সেই কর্মীর কাজ হবে প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন চকলেটের স্বাদ চেখে দেখা।

কাজের অংশ হিসেবে মাসে ওই কর্মীকে প্রায় সাড়ে তিন হাজার চকলেটের স্বাদ পরীক্ষা করতে হতে পারে। প্রতিদিন সেই কর্মীকে ১১৩টি চকলেট চেখে দেখতে হবে, যা মানুষের শরীরে দৈনিক স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি চিনির যোগান দিয়ে থাকে।

সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো কর্মী ঘরে বসেই অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম সুবিধায় চাকরি করতে পারবেন। এছাড়া, চাকরির অন্যান্য দায়িত্বের অংশ হিসেবে চকলেটের ব্যাপারে বোর্ড সভা পরিচালনা, সব ধরনের চকলেট চেখে দেখার মূল দায়িত্ব পালন এবং চকলেট বিষয়ক বিভিন্ন নতুন নতুন ধারণা দেওয়ার কাজও করতে হবে ওই কর্মীকে।

তবে এত চকলেট খেয়ে দাঁতের ১২টা বেজে যাওয়ার ভয় থাকলেও নিশ্চিন্ত থাকতে পারেন। প্রতিষ্ঠান থেকেই আপনার দাঁতের সুরক্ষা এবং দেখভালের ব্যবস্থা করা হবে।

চিফ ক্যান্ডি অফিসারের পদে নিয়োগের জন্য ৫ বছর বয়সী শিশুরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তাদের সঙ্গে থাকতে হবে মা-বাবার সম্মতিপত্রও। তবে যেটা সবচেয়ে বেশি থাকতে হবে, সেটি হলো চকলেটের প্রতি ভালোবাসা।

ঘরে বসে কাজ করার পাশাপাশি অফিসে বসেও কাজ করার সুযোগ রয়েছে। সাপ্তাহিক ৪০ ঘণ্টা কাজ করার কর্মস্থল হতে পারে কানাডার টরোন্টো কিংবা যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। তবে সেক্ষেত্রে বয়স হতে হবে ১৮ কিংবা তার বেশি।

ক্যান্ডি ফানহাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জামাল হেজাজি জানান, ৫ বছর বয়সী কোনো শিশু যদি চিফ ক্যান্ডি অফিসার হিসেবে নিয়োগ পায়, তাহলে তার সামনে সারাজীবন এ পদে কাজ করার সুযোগ থাকবে। ৫ বছর বয়সী কাউকে বোর্ড সদস্য হিসেবে পাওয়াটাও দারুণ ব্যাপার হবে। এর মাধ্যমে শিশুদের মধ্যে ভবিষ্যতে নেতৃত্বদানের গুণও গড়ে উঠবে।

ক্যান্ডি ফানহাউজের চিফ ক্যান্ডি অফিসারের পদে নিয়োগ পেতে আগ্রহীরা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।