সিংহ-সিংহীর নাম পাল্টাতে আদালতে বিশ্ব হিন্দু পরিষদ

ভারতের ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে একটি সিংহ ও সিংহীকে। ত্রিপুরার বিশালগড়ের “সিপাহিজলা চিড়িয়াখানা” থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারিতে নিয়ে আসা হয় এই সিংহ দম্পতিকে। তাদের সঙ্গে আনা হয় একজোড়া লেপার্ড ক্যাট ও চশমাবাঁদর বা ম্যাজেস্টিক লাঙ্গুরও।

সব ঠিকঠাকই ছিল, কিন্তু সিংহ দম্পতির নাম নিয়েই শুরু হলো ঝামেলা। সিংহের নাম “আকবর” আর সিংহীর “সীতা”। তবে সিংহীর সীতা নাম নিয়ে ক্ষুব্ধ বিশ্ব হিন্দু পরিষদ। শেষে সিংহীর নাম পাল্টানোর জন্য শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দুলাল চন্দ্র রায় বলেন, “বেঙ্গল সাফারি পার্কে যে সিংহী আনা হয়েছে তার নাম রাখা হয়েছে সীতা। এতে আমাদের হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে। তাই আমরা উচ্চ আদালতের দারস্থ হয়েছি।”

বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, “সরকারি নথিতে সিংহ আর সিংহীর নাম লেখা ছিল ‘প্যানথেরা লায়ন মেল ও ফিমেল’। পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল। কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর ও সীতা। তাই সীতা নামের পরিবর্তন চেয়ে আমরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছি।

তিনি বলেন, “আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি। আগামী ২০ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হবে।”