ডাব-মুরগি রান্না করবেন যেভাবে

মুরগির মাংস খেতে কমবেশি সবাই পছন্দ করেন। ঝোল, ভুনা, রোস্ট, চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, বারবিকিউ, উইংস, চাউমিন, পাস্তা ইত্যাদি নানা বাহারি রকমে মুরগির মাংস খেয়ে থাকেন অনেকে। তবে, এর বাইরেও ভিন্নভাবে রান্না করা যায় মুরগির মাংস। এরকম একটি পদ হলো “ডাব-মুরগি”।

সপ্তাহের অন্যান্য দিন নানা কাজেকর্মে রান্না নিয়ে খুব একটা পরীক্ষানিরীক্ষা করার সুযোগ হয় না। তাই ছুটির দিনে রান্না করতে পারেন “ডাব-মুরগি”। একবার খেলে নিশ্চিত মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন, জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

মুরগির মাংস: ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ

আদা কুচি: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ টেবিল চামচ

কাঁচা মরিচ কুচি: ১ টেবিল চামচ

হলুদ গুঁড়ো: ১ চা চামচ

নারকেলের দুধ: ১/২ কাপ

কাজুবাদাম বাটা: ২ টেবিল চামচ

টমেটো কুচি: ১/২ কাপ

লবন: প্রয়োজন মতো

প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ভেজে নিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিন কাজুবাদাম বাটা। এরপর একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিন।

লবনন ও লেবু দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে কষাতে থাকুন। সব শেষে নারকেলের দুধ দিয়ে দিন। চাইলে নারকেলের দুধের বদলে ডাবের কচি শাঁসও বেটে দিতে পারেন।

এবার একটি ফাঁকা শুকনো ডাবের মধ্যে ওই মাংস ভরে ডাবের মুখটি আটার মণ্ড দিয়ে আটকে দিন। গ্যাসের চুলার ওপর তারের জাল বসিয়ে তার ওপর গোটা ডাবটি বসিয়ে দিন। আঁচ একেবারে ঢিমে করে দেবেন।

মিনিট পনেরো পর চুলা বন্ধ করে দিন। ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডাব-মুরগি।