পুরুষ থেকে নারীতে রুপান্তরিত হওয়ায় পদ গেল ছাত্রদল নেতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম-্আহ্বায়ক মামুন খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা ও সংগঠনের নিয়মবহির্ভুত কার্যক্রমের দায়ে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী রবিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এদিকে, রবিবার “রিহিয়া রিহি” নামের একটি ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়, “প্রিয় কসবাবাসী, আমি আপনাদেরই রেদোয়ান। আমি পরিষ্কারভাবে আপনাদের জানাতে চাই, আমি ট্রান্সজেন্ডার নই। আমি একজন সম্পূর্ণ ছেলে এবং একজন সংস্কৃতিকর্মী। আমি দীর্ঘদিন ধরে যুক্ত বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে। আমার এই পেশা বা কিছু কন্টেন্টের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কন্টেন্টের কারণে আপনারা কষ্ট পেয়েছেন, সেগুলো আমি ইতোমধ্যে রিমুভ করেছি। এবং ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও বেশি সতর্ক ও সচেতন থাকবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে যাচাই-বাছাই ছাড়া কোনো কিছু বিশ্বাস বা প্রচার করবেন না। একটি ভুল ধারণা একজন মানুষের সম্মান ক্ষুন্ন করতে পারে!”

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী পাঁচ সদস্যের কমিটিকে ৫১ সদস্যের করে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষণা করেন।

শনিবার (৪ এপ্রিল) জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী নিজের ফেসবুক ওয়ালে কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেন। এরপর ফেসবুকে রেদোয়ান ইসলামের ট্রান্সজেন্ডার হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এক পর্যায়ে সমালোচনার মুখে জেলা ছাত্রদল রেদোয়ানকে দল থেকে অব্যাহতি দেন।

জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, “পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগে সবার কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছিল। মাসখানেক আগে রেদোয়ান ইসলাম জীবনবৃত্তান্তে নিজের ছবিসহ লিঙ্গ পুরুষ বলে উল্লেখ করেছিলেন সিভিতে। কিন্তু কমিটি ঘোষণার পর জানা যায়, রেদোয়ান অস্ত্রোপচার করে পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হয়েছেন, যা আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়। তথ্য গোপন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহিত প্রদান করা হয়েছে।“