ঢাকার ধামরাইয়ে নারী নির্যাতনের একটি মামলায় সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল হোসেন। এর আগে সোমবার (২০ এপ্রিল) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শরীফুল ইসলাম ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নং ১০৮/২০২৫) তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং ২২ জুন পর্যন্ত তাকে কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী এক নারীকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি এক অন্তঃসত্ত্বা নারীকে মারধর করেন। পরে ওই নারীর তলপেটে লাথি দিলে তিনি গুরুতর আহত হন এবং রক্তক্ষরণ ও গর্ভপাত ঘটে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, শরীফুল ইসলামের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, ধর্ষণের চেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া সরকারি জমি দখল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে জলাশয় ভরাট এবং এনজিওর আড়ালে অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তদন্ত কর্মকর্তা (এসআই) বিপুল হোসেন জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।