বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সমাবেশে বক্তারা বলেছেন, সরকারি হিসাব অনুযায়ী হাম ও উপসর্গে আক্রান্ত হয়ে ৪ শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা কয়েক গুণ বেশি। এই হৃদয়বিদারক ঘটনার জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
সিপিবি নেতারা, হামে শিশু মৃত্যুর ঘটনায় জড়িত সবার বিচারের আওতায় আনার দাবি জানান।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন।
এ সময় সিপিবি নেতারা চিকিৎসা অবহেলায় সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেন।
সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সাজেদুল হক রুবেল ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর।
সমাবেশে স্মারকলিপি পাঠ করেন সিপিবি নেতা ফেরদৌস আহমেদ উজ্জ্বল। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা লাকী আক্তার।
সিপিবি নেতারা জানান, আগামী ১৯ তারিখের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপরেও যদি ব্যবস্থা না নেওয়া তাহলে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।
বক্তারা বলেন, সারাদেশে হাম মহামারী ভয়াবহ আকার ধারণ করেছে। বিপুল সংখ্যক পরিবার সন্তান হারিয়ে শোকাহত ও বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনার জন্য দায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বর্তমান সরকার হাম পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন তারা।
সমাবেশ থেকে অবিলম্বে সারাদেশে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার করা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে অব্যবস্থা দূর করা এবং শিশু মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।