প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাকে তাদের সংগঠনে নেওয়া হয়নি।
শুক্রবার (১০ জুলাই) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।
নুর জানান, ব্যাচমেট হিসেবে তিনি যতদূর জানেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচয় গোপন করে ছাত্র ফেডারেশনে যোগ দেন বলে দাবি করেন তিনি।
নুরের ভাষ্য, ছাত্র ফেডারেশন তার অতীত রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি জানতে পারার পর তাকে অব্যাহতির উদ্যোগ নেয়। এরপর সীমান্ত হত্যা ইস্যুতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে এবি পার্টির নেতাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং গণঅধিকার পরিষদেও যোগ দিতে চেয়েছিলেন বলে দাবি করেন নুর। তবে বিভিন্ন সংগঠন পরিবর্তনের প্রবণতা বিবেচনায় তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নুর বলেন, ওই আন্দোলনের পথিকৃৎ ছিল গণঅধিকার পরিষদ। তবে তাদের পাশ কাটিয়ে নতুন কিছু নেতৃত্বকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, আন্দোলনের শুরু থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং আন্দোলনের সঙ্গে যুক্ত অধিকাংশ ব্যক্তিকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন।
সাক্ষাৎকারে বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদের প্রশংসা করে নুর বলেন, তিনি আন্দোলনের শেষ পর্যন্ত সক্রিয় ছিলেন। অন্যদিকে নাহিদ ইসলামের অংশগ্রহণ ছিল, যদিও একসময় তিনি কিছুটা নিষ্ক্রিয় ছিলেন বলেও মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে নুর আরও দাবি করেন, বিশ্ববিদ্যালয়জীবনে তাকে কোনো আন্দোলন, মিছিল বা কর্মসূচিতে দেখা যায়নি।
তবে নুরুল হক নুরের এসব বক্তব্যের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বা নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।