সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অনুষ্ঠানস্থল থেকে ফেরার পথে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সমাবেশ থেকে ফেরার পথে গোলাপগঞ্জ পৌর এলাকায় সারজিস আলমকে বহনকারী নোহা মাইক্রোবাস লক্ষ্য করে কাঁচের বোতল ছোঁড়া হয়। । ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে একটি মতবিনিময় অনুষ্ঠান ছিল। এতে সারজিস আলম ছাড়াও এনসিপি নেত্রী মাহমুদা মিতু অংশ নেন। অনুষ্ঠান শেষে দুপুরে খাবারের জন্য হেতিমগঞ্জ বাজারে রওয়ানা হওয়ার সময় বেলা পৌনে ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা গেট সংলগ্ন নূর ম্যানশনের সামনে সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এনসিপির নেতাকর্মীরা হেতিমগঞ্জ বাজারে দুপুরের খাবার না খেয়ে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু বাইপাস এলাকায় ফের তাদের গাড়িবহরে হামলার চেষ্টা করা হয়। ঘটনার পর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের সড়কে পুলিশ এবং এপিবিএনের বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে।
সূচি অনুযায়ী, গোলাপগঞ্জের কর্মসূচি শেষে আজই জাতীয় নাগরিক পার্টির কানাইঘাটের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে, যার জন্য ছাত্রদলকে দায়ী করেন এনসিপি নেতারা। ওই হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হলেও মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।