ছাত্ররাজনীতিতে ঐতিহাসিক গুরুত্ব বহন করা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পরিবর্তনের প্রস্তুতির পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখাতেও নতুন শীর্ষ পদপ্রত্যাশীদের ঘিরে সংগঠনটির অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক আলোচনা চলছে।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিদ্যমান কমিটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি গঠনের গুঞ্জন শুরু হলেও নানা সাংগঠনিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তা পিছিয়ে যায়। তবে এবার নতুন নেতৃত্ব নিয়ে চূড়ান্ত প্রক্রিয়ার দিকে এগোচ্ছে শীর্ষ সংগঠনটি।
ক্যাম্পাসে নিজেদের সাংগঠনিক অবস্থান জানান দিতে পদপ্রত্যাশী নেতারা সক্রিয় কর্মসূচি পালনের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ বাড়িয়েছেন।
বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতৃত্বের দৌড়ে বিভিন্ন শিক্ষাবর্ষ থেকে একাধিক পদের একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, প্রচার সম্পাদক তানভীর হাসান ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।
২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক এবং ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফের নামও আলোচনায় রয়েছে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে বিজয় একাত্তর হল শাখার আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, কবি জসীমউদ্দীন হল শাখার আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সূর্যসেন হলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্তর নামও আলোচনায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্যের ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন অভিভাবক নির্বাচন করা হবে।