বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন এলিজা জামান

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ নেভেম্বর) উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানান, আইন অনুযায়ী এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, গেজেট প্রকাশের অনুমোদন দিয়েছে ইসি। নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পরই শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে তা পাঠানো হবে।

ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং ১২ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বিএনপি এই উপনির্বাচনে এলিজা জামানকে মনোনয়ন দেয়। ২৬ অক্টোবর মনোনয়নপত্র জমা দেন তিনি। ১২ নভেম্বর ভোটের তারিখ থাকলেও একক প্রার্থী হওয়ায় বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হওয়ায় সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় এলিজা জামানকে।