তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “বিএনপি-জামায়াত মানুষের মাঝে ভোটের উৎসাহ-উদ্দীপনাকে ম্লান করতে চেয়েছিল। কিন্তু তাদের অপচেষ্টা ছাপিয়ে সারাদেশে ভোটের উৎসব তৈরি হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট অনুষ্ঠিত হয়েছে।”
রবিবার (০৭ জানুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চট্টগ্রাম-৭ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী।
হাছান মাহমুদ বলেন, “নির্বাচন হচ্ছে আমাদের দেশে একটি উৎসব, সত্যিকার অর্থেই এই ভোট উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা ও অপচেষ্টা, মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার এই ভোট উৎসবের মধ্যে ঢাকা পড়ে গেছে। প্রকৃতপক্ষে মানুষ যেভাবে আজকে ভোট উৎসবে শামিল হয়ে ভোট দিচ্ছে, বিএনপি-জামায়াত ভোট উৎসবে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। মানুষের প্রতিপক্ষ হয়ে কখনো তারা সফল হয়নি, হবেও না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশা করি আজকের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ধস নামানো বিজয় হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের ইতিহাসে পরপর চতুর্থবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।”