Monday, July 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাবেক শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই

একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৬:২২ পিএম

সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৩ জুলাই) ভোর সোয়া চারটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মারণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত তিন মাস ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ ভোরে শেষনিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনৈতিক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করে তার ভাতিজা বায়েজিদ আল নাহিয়ান জানান, মরদেহ চট্টগ্রাম নগরের বেভারলি হিল আবাসিক এলাকার বাসভবনে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আজ রাত ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

   

About

Popular Links

x