Thursday, July 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

শহীদ ওয়াসিম আকরামকে শ্রদ্ধা জানালেন ইশরাক-নাছির

এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তারা। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই।

কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “মাঠের একজন কর্মী হিসেবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের সব গুম-খুনের বিচার আমি চাই। আওয়ামী লীগের সময় যত হত্যাকাণ্ড হয়েছে, তার বিচার দ্রুত সম্পন্ন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “২০২৪ সালের আজকের এই দিনে ছয়জন শহিদ হয়েছিলেন। এটি জুলাই গণঅভ্যুত্থানের একটি মাইলফলক। আবু সাঈদ, ওয়াসিমরা আমাদের পথ দেখিয়েছিলেন, জুলাই থেকে আর ফেরার পথ নেই।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পরিসমাপ্তি হয়েছিল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। শহীদ ওয়াসিমসহ প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে সেই আন্দোলন সফল হয়েছে।”

নাছির বলেন, “আজকের দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা গেলে শহিদদের আত্মা শান্তি পাবে।”

শ্রদ্ধা নিবেদনের সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ওয়াসিম আকরামের বাবা, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘কোটা নয়, মেধা’ স্লোগানে ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে গড়ে ওঠা জুলাই আন্দোলনের অন্যতম শহিদ ছিলেন ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন তিনি। মৃত্যুকালে তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন।

   

About

Popular Links

x