Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘৭১ ও ২৪-এর পরাজিত শক্তি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

একাত্তর ও চব্বিশের পরাজিত অপশক্তি বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এই দুই পরাজিত শক্তিকে সম্মিলিতভাবে মোকাবিলা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়ার একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “একাত্তরের পরাজিত শক্তির আজও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক তেমনি চব্বিশের পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয়। এই দুই রাজনৈতিক শক্তির ঐক্য আমরা এদেশের রাজনীতিতে প্রায়ই দেখতে পাই। আমরা আবারও দেখতে পাচ্ছি, মাত্র সাত মাস বয়সী একটি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সেই ঐক্য আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই এই দুই পরাজিত শক্তিকে সবাই মিলে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে জাতীয়তাবাদী দল খুব খারাপ ফলাফল করেছে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে কুষ্টিয়ার সেই হারানো সম্মান ফেরত আনতে হবে।

সাংগঠনিক এ মতবিনিময় সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতারাও তাদের বক্তব্যে দলের ভেতরের অনৈক্য ও বিভেদের কথা তুলে ধরেন।

এদিকে প্রতিমন্ত্রীর বক্তব্য শেষে বিএনপির নেতাকর্মীদের বক্তব্য চলাকালীন সভাস্থলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি হয়। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ আরও অনেকে।

   

About

Popular Links

x