মির্জা আব্বাস: মন্ত্রী হয়ত জানেন না খালি পেটে বরই মৃত্যুর কারণ হতে পারে

আঙুর, খেজুরের পরিবর্তে ‘‘বরই, পেয়ারা দিয়ে ইফতার করার’’ পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গত ৪ মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।

মঙ্গলবার (১১ মার্চ) ঢাকার শাহজাহানপুরে নিজ বাড়ির আঙিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা শিল্পমন্ত্রীর সমালোচনা করেন।

মির্জা আব্বাস বলেন, “মন্ত্রী বলেন বরই খেয়ে ইফতার করার জন্য, সেই মন্ত্রী হয়ত জানেনও না যে, খালি পেটে একজন মানুষ বড়ই খেলে মারাও যেতে পারে। এমনই একটা ফল বরই। খালি পেটে খেলে কী যে মারাত্মক সমস্যা হতে পারে, এটা মন্ত্রী জানবেন না। কারণ তারা তো সব সময় খেজুর, আঙুরসহ বিভিন্ন দামি ফল-ফ্রুট দিয়ে ইফতার করে থাকেন।”

রমজানে খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের পরামর্শ দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন শিল্পমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে যেমন অনেকে হাস্যরস করেছেন, রাজনৈতিক নেতাদের মধ্যেও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়াসহ বিভিন্ন রাজনীতিবিদ শিল্পমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন।