রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর বেলা সাড়ে ১২টার দিকে যমুনার সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে কোনো অগ্রগতি হলে তা জানানো হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের সঙ্গে বেলা ১১টায় বৈঠক হয়েছে। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।”
বিএনপির সঙ্গে এ বৈঠক চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলন চলছে, আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কিনা–জানতে চাইলে শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে। এটার অংশ হিসেবে আজ বিএনপির সঙ্গে কথা হয়েছে। কোনও ডেভলপমেন্ট হলে আপনারা জানবেন।”
মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার অসুস্থতা নিয়ে ছড়িয়ে পড়া গুজব নিয়ে শফিকুল আলম বলেন, “আমরা প্রচুর কল পেয়েছি। প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা জানাতে চাই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনই তিনি মিটিং করেন, তার ছবি দিচ্ছে আমরা। কালকেও অনেকগুলো মিটিং করেছেন। আজও তিনি বিএনপির সঙ্গে মিটিংয়ে ছিলেন।”
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। দলটির প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।