Saturday, August 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মন্ত্রিসভায় নতুন যুক্ত হচ্ছেন চারজন, শপথ হতে পারে আজ রাতেই

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৪:২৯ পিএম

মন্ত্রিসভার আকার বাড়ছে। নতুন করে আরও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। 

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র।

নতুন সদস্যদের শপথের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ কারণে রাতে নতুন সদস্যদের শপথ হওয়ার সম্ভাবনা রয়েছে।

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুলও প্রস্তুতি নিয়েছে। অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) রাজা মুহম্মদ আব্দুল হাই জানান, চূড়ান্ত নির্দেশনা পাওয়া গেলে গাড়ি পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলছে, শুক্রবার রাতে মন্ত্রিসভার চারজন নতুন সদস্য শপথ নিতে পারেন। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার শপথের পর বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ হতে পারে। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে নতুন সদস্য হিসেবে কারা শপথ নিচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আলোচনায় থাকা সম্ভাব্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

   

About

Popular Links

x