রাবি ছাত্রলীগের সাবেক কর্মী হলেন ছাত্র ইউনিয়নের সভাপতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মাসুদ কিবরিয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী পরমা মোস্তফা।

শনিবার (২৬ অক্টোবর) রাতে নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মুন হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিটি প্রকাশের পর নবগঠিত কমিটির সভাপতি মাসুদ কিবরিয়াকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি সদ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাসুদ কিবরিয়া প্রথম বর্ষে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ২০২১ সালের নভেম্বরে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং করার অভিযোগ রয়েছে। এছাড়াও কমিটির সহকারী সাধারণ সম্পাদক চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুক্তাদির করিম কুয়াশার বিরুদ্ধেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে মাসুদ কিবরিয়া বলেন, “প্রথম বর্ষে হলে সিটের জন্য আমি কিছুদিন ছাত্রলীগের প্রোগ্রামে গিয়েছিলাম। পরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গেলে তারা আমাকে হল থেকে বের করে দেয়। ছাত্রলীগের রাজনৈতিক মতাদর্শ আমার কখনই পছন্দ ছিল না।”

এ বিষয়ে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন বলেন, “তারা আমাদের সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন। এজন্যই আমরা তাদেরকে কমিটিতে রেখেছি। তাদের সঙ্গে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ছাত্র ইউনিয়নের সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৩২তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্র ইউনিয়নের সদ্য বিদায়ী সভাপতি শাকিলা খাতুন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক তাওফিক ইসলাম, কোষাধ্যক্ষ মেহের, দপ্তর সম্পাদক মুন হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লাবিব হক। কমিটিতে সদস্য হিসেবে আছেন শাকিলা খাতুন, মিনহাজ হাবিব ও গোলাম মোস্তফা। এ ছাড়া ৪ টি সদস্যপদ খালি রাখা হয়েছে।