সারাদেশের অন্যান্য ক্যাম্পাসের মতো এবার প্রকাশ্যে এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়। ইবি শিবিরের সভাপতির নাম এইচ এম আবু মুসা ও সেক্রেটারি মাহমুদুল হাসান।
সোমবার (২৮ অক্টোবর) সংগঠনটি “পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে আয়োজিত আলোচনাসভা নিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় তুলে ধরেন। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির নামের একটি ফেসবুক পেজ থেকে তাদের নাম প্রকাশ করা হয়।
জানা গেছে, সভাপতি আবু মুসা বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি পাবনার দোগাছী ইউনিয়নে। অন্যদিকে সেক্রেটারি মাহমুদুল হাসান ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৩টায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাস মিলনায়তনে ২৮ অক্টোবর ঐতিহাসিক “পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইবি শাখা ছাত্রশিবির। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এইচ এম আবু মুসার সভপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলী আজম মো. আবু বকর।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসতে থাকেন দীর্ঘদিন আত্মগোপনে থাকা সংগঠনটির নেতার।