ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া এক শিবির কর্মীর বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। সরকারের সমালোচনা ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বক্তব্য দেওয়ার সময় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী তার দিকে তেড়ে যান বলে অভিযোগ উঠেছে। তবে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও সংবর্ধনা সভায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান শেষ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিবির কর্মী হুসাইন আহমেদ। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক অজুহাত দেখাচ্ছে। একইসঙ্গে গণভোট নিয়ে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন তিনি।
এ বক্তব্যের পরপরই উপস্থিত বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান মিলনসহ কয়েকজন হুসাইন আহমেদের দিকে তেড়ে যান। এ সময় মঞ্চে উপস্থিত সংসদ সদস্য আবু তালেব, ইউএনও রেজওয়ানা নাহিদ ও ওসি জেল্লাল হোসেন দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হট্টগোলের কারণে হুসাইন আহমেদ তার বক্তব্য শেষ করতে পারেননি। পরে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
শিবির কর্মী হুসাইন আহমেদ অভিযোগ করেন, বক্তব্য দেওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী এবং বিগত সরকারের দোসর হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি তার ওপর চড়াও হন। তার ভাষ্য, এতে তার বাকস্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, “তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় উপস্থিত নেতাকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছেন।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কিছুটা বাগবিতণ্ডা হয়েছিল। আমরা তাৎক্ষণিক হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেছি। পরে শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠান শেষ হয়েছে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবু তালিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।



