রিজভী: সরকারের মধ্যে কোথাও কোনো ঘাপলা আছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকার হবে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মডেল। তা না করে এই যে প্রলম্বিত করা, আমার মনে হচ্ছে- কোথাও কোনো জটিলতা হচ্ছে। গণতন্ত্র চর্চা ও গণতন্ত্রের বিকাশ কোথাও কোনো সমস্যা হচ্ছে। তা না হলে তিনি কেন এ কথা বলছেন? এত লম্বা সময়ের কথা বলছেন। এ সরকারের মধ্যেই কোথাও কোনো ঘাপলা আছে। এ সরকারের মধ্যেই কেউ মাস্টার প্ল্যান করছে কি-না এটা আমাদের ভাবিয়ে তুলছে।”

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে আমরা “বিএনপি পরিবার” আয়োজিত চব্বিশের গণআন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, “বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর সমর্থনে সরকার দেশ চালাচ্ছে। গতকাল রবিবার আন্তর্জাতিক মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান একটি স্বাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারের বক্তব্যে আমার মনে একটি প্রশ্ন জেগেছে। তিন বলেছেন, ‘চার বছর লাগবে সংস্কার করতে।’ কিন্তু কেন?” 

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ কত প্রপাগান্ডা ছড়িয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে বলেছেন ‘বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এক লাখ মানুষ মারা যাবে।’ কোথায় এক লাখ মানুষ মারা গেলো?” 

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “কাজের মধ্যে যদি ন্যায্যতা থাকে, তাহলে সেই কাজ সফল হয়। আর কাজের মধ্যে যদি অন্যায়-অবিচার থাকে, তাহলে সেই কাজ কখনো সফল হয় না। ‘আমরা বিএনপির পরিবার’ ন্যায্যতার সাথে মানবসেবায় তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে।”