তারেক রহমান: বিএনপি ক্ষমতায় গেলে শহিদদের স্মৃতি রক্ষা করা হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “ভবিষ্যতে ইনশাআল্লাহ, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হবে। যারা শহিদ হয়েছেন, যারা স্বৈরাচারদের বিদায় করার জন্য জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাই এই শহিদদের নামে নামকরণ করার প্রস্তাব করা হবে।”

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত চব্বিশের গণ-আন্দোলনে পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও দুস্থদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে সরকারের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে তিনি যে পরিবারের সদস্য হোন, স্বচ্ছ বা অস্বচ্ছ হোন, আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো যে-সব পরিবারে আহত সদস্য আছেন, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যাতে পঙ্গু মানুষগুলো নিজেরা যতটুকু সম্ভব স্বাবলম্বী হতে পারেন।”

গণঅভ্যুত্থানে আহতদের সহযোগিতার জন্য ব্যক্তিগত উদ্যোগের গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “আপনার সামর্থ্য অনুযায়ী একজন হোক দুজন হোক পাঁচ জন হোক আপনি কিছুটা হলেও সাহায্য করতে পারবেন। সেই মানুষটাকে চলাফেরায় হোক বা অন্যভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার। দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কোনো সংগঠনের সাথে জড়িত হওয়ার দরকার নাই। আপনি নিজ উদ্যোগে নিজ অবস্থান থেকে করতে পারেন।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এই মুহূর্তে দেশ যে স্বৈরাচারমুক্ত বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে অনেক মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না। আমরা হয়ত কেউই জানি না। কিন্তু যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহিদ হয়েছেন, তারাতো চলেই গেছেন, তাদের পরিবারের মানুষরা রয়ে গেছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন- তাদের পাশে কতটুকু দাঁড়াতে পারবো আমি বলতে পারবো না। কিন্তু আমি মনে করি, তারা দেশের জন্য আমাদের জন্য আত্মত্যাগ করেছেন। আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়ানো “