ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া না হলে রাজপথে আন্দোলন আরও বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১২ দলীয় জোটের নেতারা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা এ হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, “সরকার প্রতিনিয়ত ভুল করছে। যে কারণে আমাদের ঐক্যে ফাটল ধরেছে। আমরা ঐক্য এ সংগ্রামী চেতনা অটুট না থাকলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রুরা বেশি খুশি হবে। আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিলে জনতা সবচেয়ে বেশি খুশি হবে।”
১২ দলীয় জোটের সমন্বায়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, “বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৫ আগস্ট রাজপথে নেমে তাকে বিতাড়িত করেছে। আজকে একটি মহল ওই বিজয়কে নিজেদের বলে দাবি করছে। কিন্তু আমি সেটা মেনে নিতে পারিনা। কারণ বিগত ১৭টি বছর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুনি হাসিনার সরকারের দ্বারা সীমাহীন জেল জুলুমের শিকার হয়েছেন।”
সভাপতির বক্তব্যে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যাতে দেশবাসী ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। কিন্তু উপদেষ্টা পরিষদ হাঁটু ভাঙা এবং মাজা ভাঙা, তারা ব্যর্থ। তারা কোনো কথা বলতে পারেন না। তারা উল্টাপাল্টা কথা বললে আমরা বেশি দিন সহ্য করব না। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন না দিলে আমরা আপনাদের বিরুদ্ধে মাঠে নামব। আমরা সিদ্ধান্ত নিলে ২৪ ঘণ্টাও টিকতে পারবেন না।”