বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নবগঠিত মানিকগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীদের একাংশ। কমিটি গঠনে বৈষম্যের অভিযোগ এনে তারা পূর্ব ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পরে কমিটি বাতিলের জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন আন্দোলনকারীরা।

অবরোধকারীরা অভিযোগ করেন, সদ্য ঘোষিত ২১২ সদস্যের কমিটিতে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মোটা অঙ্কের টাকার বিনিময়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটি বাতিলের দাবি জানালে বর্তমান কমিটির নেতারা তিনজন আন্দোলনকারীকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করেছেন।

এসময় কেন্দ্রীয় কমিটিকে ত্যাগী ও প্রকৃত কর্মীদের মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের দাবি জানান আন্দোলনকারীরা।

পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। এক ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন পদত্যাগকারীরা। সেইসঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের হস্তক্ষেপে ৭২ ঘণ্টার মধ্যে নবগঠিত কমিটি স্থগিত না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক পুনরায় অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, মহাসড়ক অবরোধের পরপরই মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ ঘটনাস্থল উপস্থিত হন। তারা অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার কথা বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা এক ঘণ্টা পর অবরোধ থেকে সরে আসেন।

এসময় নবগঠিত কমিটির যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম রাজু, যুগ্ম সদস্য সচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি ওমর ফারুককে আহ্বায়ক ও নাহিদ মনিরকে সদস্য সচিব করে ২১২ সদস্যের কমিটি অনুমোদন দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তবে এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটির দাবি জানিয়ে আসছে একাংশ।