২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নির্বাচনি ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এর প্রতিক্রিয়ায় ঢাকা-১৭, বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য (এমপি) পদ চেয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এই তিনটি আসনে বিভিন্ন সময় উপনির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ দাবি জানান তিনি।
ফেসবুক পোস্টে হিরো আলম লিখেছেন, “যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে । হিরো আলমকে ঢাকা ১৭ বগুড়া ৪, ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।”
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর উপনির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ভোটের দিন একটি কেন্দ্রের বাইরে হিরো আলমের ওপর হামলা হলে তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ওই উপনির্বাচনের মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে জয়ী হন। তিনি পেয়েছেছিলেন ২৮,৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম পেয়েছিলেন ৫,৬০৯ ভোট।
এর আগে, একই বছরের শুরুর দিকে বগুড়া ৪ ও ৬ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন হিরো আলম। দলীয় সিদ্ধান্তে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় এ দুটি আসন শূন্য হয়ে পড়ে। সেবারও ভোটর দিন হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।
সেবার বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের চেয়ে ৮৩৪ ভোট বেশি পেয়েছিলেন তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০,৪০৫ ভোট পেয়েছিলেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছিলেন ১৯,৫৭১ ভোট।
তবে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারান স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
এই উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৬ আসনে ৫,২৭৪ ভোট পেয়েছিলেন। এই আসনে জামানত রক্ষার জন্য দরকার ছিল ১১,৪৬৮ ভোট।
এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯,৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, গত ৫ আগস্ট সরকার পরিবর্তেনের পর নির্বাচনি ট্রাইব্যুনাল নির্বাচনের সাড়ে তিন বছর পর বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। এবার নির্বাচনের ৫ বছর পর ঢাকা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলেন নির্বাচনি ট্রাইব্যুনাল। এমন প্রেক্ষাপটে নিজেকে নির্যাতিত দাবি করে এমপি পদ চেয়ে সরব হলেন হিরো আলম।