সময়মতো কুঁচকির চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল নেদারল্যান্ডস ডিফেন্ডার জুরিয়েন টিম্বারের।
২৪ বছর বয়সী টিম্বারের বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।
সোমবার (৮ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জেতা শেষ প্রস্তুতি ম্যাচের পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান এই ফুটবলার।
আর্সেনালের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য টিম্বার সবশেষ মাঠে নামেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পিএসজির বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ওই ম্যাচে বদলি হিসেবে খেলেন তিনি।
গত ৩০ মের ফাইনালের আগে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, “টিম্বার ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। এরপরেই নেদারল্যান্ডসের বিশ্বকাপ দলে তার জায়গা হয়। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলা হচ্ছে না এই ফুটবলারের।”
ডাচ কোচ রোনাল্ড কুমান বলেন, “গত দুই দিন ধরে আমরা বুঝতে পারছিলাম যে, এমন সিদ্ধান্তই আসতে যাচ্ছে। গত রাতে ও আজ সকালে ইউরেনের সঙ্গে আলোচনা করেছি। দুর্ভাগ্যবশত আমাদের এই সিদ্ধান্তটা নিতে হলো।”
জুরিয়েন টিম্বারের পরিবর্তে ডাচদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন লুতশারেল খিরট্রডা।
আগামী রবিবার জাপানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। ‘এফ’ গ্রুপে পরের দুই ম্যাচে ডাচদের প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।