ফুটবল বিশ্বকাপ উন্মাদনার মধ্যে এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘটলো ব্যতিক্রমী ঘটনা। ব্রাজিল ফুটবল দলের সমর্থক মো.মিন্টু মিয়া। তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলেন। তবে এবার ধর্মীয় কারণে আনুষ্ঠানিকভাবে দল বদল করে ইসলামামের পবিত্র ভূমি সৌদি আরব জাতীয় ফুটবল দলের নতুন সমর্থক হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়ার পবিত্র মাজার খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে একটি সেভেন আপের বোতলে দুধ ভরে তাকে সৌদি আরবের সমর্থকেরা দুধ দিয়ে গোসল করিয়ে সৌদি আরব দলে নিয়ে আসেন। এ সময় তিনি নিজেকে পবিত্র বলে ঘোষণা করে ব্রাজিল দল ত্যাগ করেন। গোসল শেষে তাকে সতীর্থরা সৌদি আরব জাতীয় দলের জার্সি পরিয়ে স্থানীয়দের নিয়ে সৌদি আরবের পক্ষে একটি আনন্দ মিছিল করেন।
সৌদি আরবের সমর্থক মিন্টুর বন্ধুরা জানান, তারা স্থানীয় বাজার থেকে প্রতি লিটার খাটি গরুর দুধ ৮০ টাকা করে দুই লিটার দুধ সেভেন আপের বোতলে ভরে সবার সামনে ওই দুধ দিয়ে তাদের বন্ধু মিন্টুর মাথায় ঢেলে তাকে গোসল করান। এই সময় এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়। অনেকে এমন ঘটনাকে পাগলামি বলে আখ্যায়িত করেন।
দল পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সৌদি আরবের নবাগত সমর্থক মো. মিন্টু মিয়া জানান, ব্রাজিল নি:সন্দেহে ফুটবল বিশ্বে একটি জনপ্রিয় ও পরাশক্তি দল। তবে তারা একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে এসেছি। এখন থেকে আমি আজীবন সৌদি আরবের ফুটবল দলকে সমর্থন জানাবো। নতুন সমর্থনের ঘোষণা আরও জোরালো করতে তিনি বৃহস্পতিবার সকালে ৫০০ ফুট দৈর্ঘ্য সৌদি আরবের পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান।
এ ব্যাপারে জানতে চাইলে আখড়ার বাসিন্দা, রম্য লেখক ও ক্রীড়া বিশ্লেষক সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু জানান, সারাদেশের যে ফুটবল উন্মাদনা চলছে। তারই অংশ এই দল বদলের ঘটনাটি। কেউ বন্ধুবান্ধবদের চাপে পড়ে। কেউ পরিবারের চাপে পড়ে। আবার কেউ ধর্মীয় অনুরাগের কারণে দলবদল করে থাকেন। তারই অংশ আখাউড়ার দল বদলের এই ঘটনাটি। এর মধ্যে আখাউড়া ঘটনাটিকে ব্যতিক্রম ঘটনাবলেও তিনি উল্লেখ করেন।