বিশ্বকাপে মেসি-রোনালদো মুখোমুখি হতে পারে যে ম্যাচে

ইতিহাস তাদের বারবার কাছাকাছি এনেছে, কিন্তু ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে কখনোই মুখোমুখি দাঁড় করায়নি। প্রায় এক দশক স্পেনের ঘরোয়া লিগে খেলা, এল ক্লাসিকোর উত্তাপে একে অপরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কিংবা পালা করে ব্যালন ডি’ অর জেতার পরও ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এক আক্ষেপ-বিশ্বকাপের মঞ্চে কখনো দেখা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর।

তবে চলমান ২০২৬ বিশ্বকাপ হয়তো সেই অপূর্ণতার অবসান ঘটাতে পারে। এবারের আসরের গ্রুপ পর্বের যে সূচি, তাতে নকআউট পর্বে আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার একাধিক রোমাঞ্চকর পথ তৈরি হয়ে আছে। আর তেমনটা ঘটলে ৩৯ বছর বয়সী মেসি আর ৪১ বছর বয়সী রোনালদোর ‘লাস্ট ড্যান্স’ বা শেষ নৃত্য দেখার সৌভাগ্য হতে পারে ফুটবলপ্রেমীদের।

গ্রুপ পর্বে মেসির আর্জেন্টিনা খেলছে গ্রুপ ‘জে’তে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। অন্যদিকে রোনালদোর পর্তুগাল গ্রুপ ‘কে’তে মুখোমুখি হবে ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়ার।

কাগজে-কলমে দুই দলের জন্যই গ্রুপ পর্বের বাধা পার হওয়া বেশ সহজ এবং উভয় দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার শক্তিশালী দাবিদার। সমীকরণ অনুযায়ী, নকআউট পর্বে মূলত তিনভাবে দেখা হতে পারে এই দুই মহাতারকার।

প্রথম ও সহজ পথটি হলো কোয়ার্টার ফাইনাল। আর্জেন্টিনা গ্রুপ ‘জে’ এবং পর্তুগাল গ্রুপ ‘কে’ থেকে চ্যাম্পিয়ন হয়ে যদি শেষ ৩২ এ আসতে পারে, তবে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যাবে মেসি-রোনালদোর। তবে এর আগে শেষ বত্রিশ এবং শেষ ষোলোর বাধা টপকাতে হবে দুই দলকেই। এই পথে আর্জেন্টিনার জন্য সম্ভাব্য কঠিন বাধা হতে পারে শেষ বত্রিশে উরুগুয়ে, যদিও পর্তুগালের পথ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অনেকটাই মসৃণ।

দ্বিতীয় সমীকরণটি বেশ নাটকীয়, যা দুই দলকে রাউন্ড অব ১৬ বা শেষ ষোলোর মঞ্চে দাঁড় করিয়ে দিতে পারে। যদি কোনো কারণে আর্জেন্টিনা ও পর্তুগাল - দুই দলই নিজ নিজ গ্রুপে রানার্সআপ বা দ্বিতীয় হয়ে নকআউট পর্বে ওঠে, তবে শেষ ষোলোর মঞ্চেই দেখা মিলবে এই দুই তারকার। তবে এই সমীকরণে শেষ বত্রিশে আর্জেন্টিনাকে স্পেন এবং পর্তুগালকে ক্রোয়েশিয়ার মতো কঠিন বাধা পার হয়ে আসতে হবে।

সবচেয়ে রোমাঞ্চকর হলো ফাইনাল পর্ব। যদি একটি দল গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্য দলটি গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে পা রাখে, তবে তাদের দেখা হওয়ার একমাত্র সম্ভাব্য মঞ্চ হবে ফাইনাল। এই স্বপ্নের ফাইনাল নিশ্চিত করতে হলে দুই দলকেই নিজ নিজ জায়গা থেকে টানা চারটি নকআউট ম্যাচ জিতে আসতে হবে।

মেসি ও রোনালদো সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ২০২৩ সালের ১৯ জানুয়ারি, সৌদি আরবের মাটিতে একটি প্রীতি ম্যাচে। সেদিন রিয়াদ অল স্টারসের হয়ে রোনালদো এবং পিএসজির হয়ে মাঠ মাতিয়েছিলেন মেসি।

বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে এবং রোনালদো মাতাচ্ছেন আল নাসরের মাঠ। স্বাভাবিকভাবেই, পেশাদার ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার এটাই সম্ভবত শেষ সুযোগ।