Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

শেষ মুহূর্তে আর্জেন্টিনা দলে বড় রদবদল

বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

আপডেট : ১২ জুন ২০২৬, ১১:৪৭ এএম

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালেরদি। 

বৃহস্পতিবার (১১ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আর্জেন্টিনা দল জানায়, ডান পায়ের সোলিয়াস পেশিতে আঘাত পাওয়ায় বালেরদির পক্ষে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সম্ভব নয়। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা কামনা করেছে আলবিসেলেস্তেরা।

বালেরদির পরিবর্তে ২৬ সদস্যের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ডিফেন্ডার মার্কোস সেনেসিকে। কয়েক দিন ধরেই বালেরদির সম্ভাব্য বিকল্প হিসেবে সেনেসির নাম আলোচনায় ছিল।

আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, স্কোয়াডের শেষ সদস্য নির্বাচন নিয়ে তার বেশিরভাগ দ্বিধা দূর হয়েছে। তবে বালেরদির বদলি ঘোষণা করতে আরও এক বা দুই দিন সময় লাগতে পারে বলেও উল্লেখ করেছিলেন তিনি।

ইতালীয় বংশোদ্ভূত সেনেসির সামনে ইতালির হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ থাকলেও তিনি আর্জেন্টিনাকেই বেছে নেন। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলের ডাক পাওয়া এই ডিফেন্ডার এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে অভিষেক করেন। পরে ভেনেজুয়েলা ও মৌরিতানিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন তিনি।

ব্যক্তিগত ক্যারিয়ারেও সম্প্রতি সুখবর পেয়েছেন সেনেসি। আগামী ১ জুলাই ইংলিশ ক্লাব বোর্নমাউথের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর ফ্রি ট্রান্সফারে তিনি যোগ দেবেন প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম হটস্পারে। সেখানে আর্জেন্টিনা সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে একই দলে খেলবেন তিনি।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেওয়ার পথে রয়েছেন সেনেসি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে লিওনেল স্ক্যালোনির দল।

   

About

Popular Links

x