শুরুতেই ব্রাজিলের জালে মরক্কোর আঘাত

ম্যাচে ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছিল ব্রাজিল, আক্রমণভাগেও কিছুটা গুছিয়ে উঠছিল সেলেসাওরা। কিন্তু সেই সময়ই বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ২১তম মিনিটে দুর্দান্ত এক থ্রু পাস থেকে গোল করে মরক্কোকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

মরক্কোর আক্রমণভাগে দারুণ সমন্বয়ের ফলেই আসে গোলটি। মাঝমাঠ থেকে ব্রাহিম দিয়াজ চমৎকার একটি থ্রু পাস বাড়ান ডি-বক্সের ভেতরে দৌড়ে যাওয়া সাইবারির উদ্দেশে। বল পেয়ে দ্রুত এগিয়ে আসা ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারকে মাথার ওপর দিয়ে নিখুঁত চিপ শটে পরাস্ত করেন মরক্কোর এই ফরোয়ার্ড।

গোলের আগে পর্যন্ত বল দখল ও পাসিংয়ে কিছুটা আধিপত্য দেখাচ্ছিল ব্রাজিল। তবে রক্ষণভাগে এক মুহূর্তের অসতর্কতার সুযোগ নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে সফল হয় মরক্কো। সাইবারির গোলের পর ম্যাচে নতুন মাত্রা যোগ হয়েছে, আর আফ্রিকার দলটি আত্মবিশ্বাসে ভর করে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেছে।

এই গোলের ফলে ব্রাজিলকে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে হবে। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও ব্রুনো গিমারায়েসদের নিয়ে গড়া আক্রমণভাগের সামনে এখন সমতায় ফেরার চাপ। অন্যদিকে মরক্কো চাইবে এই লিড ধরে রেখে আরেকটি বড় অঘটনের জন্ম দিতে।