Monday, June 15, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার ব্রাজিলকে নিয়ে সেভেন আপ বাংলাদেশের বার্তা

পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:২৮ পিএম

ফুটবল মাঠে প্রতিপক্ষের গায়ে ‘হলুদ’ বা জার্সিতে হলুদের ছোঁয়া দেখলেই যেন অন্য এক জার্মানিকে আবিষ্কার করে ফুটবল বিশ্ব। হিউস্টনে আজ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পুঁচকে কুরাসাওকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর এই জয়ের পরই ফুটবল আড্ডার সেই চিরচেনা ‘সেভেন আপ’ ট্র্যাজেডি নিয়ে রসাত্মক এক ফেসবুক পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছে জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড ‘সেভেন আপ বাংলাদেশ’।

সংগৃহীত

১২ বছর আগে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ঘরের মাঠে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিকে লণ্ডভণ্ড করে এই ৭-১ ব্যবধানেই জিতেছিল জার্মানি। দীর্ঘ এক যুগ পর এবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের জার্সিতে হলুদের ছোঁয়া পেয়ে আবারও একই ব্যবধানে ম্যাচ জিতল জুলিয়ান নাগেলসমানের দল। এই ঐতিহাসিক কাকতালীয় বিষয়টিকে উদযাপন করতে বিশ্বখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড ‘সেভেন আপ (7Up)’ তাদের বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি ফানি পোস্ট শেয়ার করেছে। যেখানে ব্রাজিল এবং কুরাসাওয়ের ৭ গোল খাওয়ার বিষয়টিকে ইঙ্গিত করে তারা ক্যাপশনে লিখেছে—“শুধু একটি কাকতালীয়!”

সেভেন আপ-এর এই বুদ্ধিদীপ্ত ও রসাত্মক পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিশেষ করে ফুটবল ভক্ত ও নেটিজেনরা ট্রল এবং হাসির ছলে পোস্টটিতে রিঅ্যাক্ট ও কমেন্ট করছেন।

জার্মানির এই জয় কেবল ৩ পয়েন্ট অর্জনের নয়, বরং এক যুগ আগের এক ঐতিহাসিক ক্ষতকে নতুন করে ফিরিয়ে আনার। ১ লাখ ৫০ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে আজ মাঠে নেমেছিল। ম্যাচের ২১ মিনিটে গোল করে জার্মানির সাথে ১-১ সমতায় ফিরে এক রূপকথার জন্মও দিয়েছিল তারা, যা ছিল তাদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ গোল।

তবে সমতায় ফেরার পরই যেন খ্যাপাটে রূপ ধারণ করে জার্মানি। কাই হাভার্টজের জোড়া গোল, ফেলিক্স নেমেচা, নিকো শ্লটারবেক, জামাল মুসিয়ালা, নাথান ব্রাউন এবং ডেনিজ উনদাভের গোলে শেষ পর্যন্ত ৭-১ ব্যবধানের মহাকাব্যিক জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এর মাধ্যমেই বিশ্বমঞ্চে ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ মিমের ক্ষত ভাগ করে নেওয়ার মতো এক নতুন ‘বন্ধু’ খুঁজে পেল ফুটবল দুনিয়া, যা এখন মাঠের গণ্ডি পেরিয়ে কোমল পানীয় ব্র্যান্ডের বিজ্ঞাপনী দেওয়ালেও জায়গা করে নিয়েছে।

   

About

Popular Links

x