কাতারকে ৬-০ গোলে হারালো কানাডা, ডেভিডের হ্যাটট্রিক

জোনাথন ডেভিডের দুর্দান্ত হ্যাটট্রিকে কাতারকে গোলবন্যায় ভাসিয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়নদের ৬-০ গোলে হারিয়েছে জেসি মার্শের দল। বিশ্বকাপে নিজেদের তিন নম্বর আসরে এসে এটাই কানাডার প্রথম জয়।

পুরো ম্যাচেই কানাডিয়ানরা এমন দাপট দেখিয়েছে যে কাতার কোনো পাত্তাই পায়নি। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখে কাতারকে পুরো কোণঠাসা করে রেখেছিল স্বাগতিকরা। 

ম্যাচের ১৬ মিনিটে কাইল ল্যারিনের গোলে এগিয়ে যায় কানাডা। এর কিছুক্ষণ পরেই শুরু হয় জোনাথন ডেভিডের ম্যাজিক। ২৯ মিনিটে দুর্দান্ত খেলায় ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এর পরপরই বড় ধাক্কা খায় কাতার। পাল্টা আক্রমণে বিউক্যানানকে ফাউল করায় ভিএআর দেখে কাতারের ডিফেন্ডার হোমাম এল আমিনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ১০ জনের কাতারের ওপর চাপ আরও বাড়িয়ে বিরতির ঠিক আগে নিজের দ্বিতীয় গোলটি করেন ডেভিড।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ম্যাচটি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মাঝমাঠে কানাডার ইসমায়েল কোনেকে পেছন থেকে মারাত্মক ট্যাকল করে লাল কার্ড দেখেন কাতারের আসিম মাদিবো। এই ভয়াবহ ফাউলে পা ভেঙে মাঠ ছাড়তে হয় কোনেকে। কাতার ৯ জনের দলে পরিণত হলে গোল উৎসব শুরু করে কানাডা। ৬০ মিনিটে চমৎকার এক ফ্রি-কিক থেকে গোল করেন ন্যাথান সালিবা, যা চলতি বিশ্বকাপের প্রথম সরাসরি ফ্রি-কিক গোল। এর ১০ মিনিট পর কাতারের মোহামেদ মানাইয়ের আত্মঘাতী গোলে ব্যবধান ৫-০ হয়। আর একদম শেষ মুহূর্তে, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ডেভিড।

এই হ্যাটট্রিকের মাধ্যমে ১৯৬৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর প্রথম স্বাগতিক দেশের খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার ঐতিহাসিক রেকর্ড গড়লেন ডেভিড।

একইসঙ্গে দেশের হয়ে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়াল ৪২-এ। এই বড় জয়ের দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে আছে কানাডা। আগামী বুধবার সুইজারল্যান্ডের সাথে শেষ ম্যাচে ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে যাবে তারা।