বিশ্বকাপে দ্রুততম গোলের ইতিহাস গড়লেন মরক্কোর সাইবারি

বিশ্বকাপে দারুণ সূচনা করেছে মরক্কো। ‘সি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৭১ সেকেন্ডেই গোল করে টুর্নামেন্টের চলতি আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি।

ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে নামে মরক্কো। রেফারির বাঁশি বাজার মাত্র ১৪ সেকেন্ড পরই তারা বলের দখল নেয়। এরপর মোট ৭১ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সাইবারি।

প্রায় মাঝমাঠ থেকে আসা লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে প্রবেশ করেন তিনি। এরপর শক্তিশালী শটে স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গানের কোনো সুযোগই রাখেননি এই মরক্কান তারকা।

এই গোলের মাধ্যমে তিনি আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা প্রথম দুই ম্যাচে গোল করার কৃতিত্বও অর্জন করেন। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই রেকর্ড গড়েছিলেন মিশরের মোহামেদ সালাহ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র করা মরক্কোর একমাত্র গোলটিও করেছিলেন সাইবারি। সেই ম্যাচে ২১ মিনিটে দারুণ ভলিতে গোল করেন তিনি।

বর্তমানে চলতি ম্যাচে প্রথমার্ধ শেষে মরক্কো ১-০ গোলে এগিয়ে আছে এবং বল দখলে রাখার দিক থেকেও তারা আধিপত্য বিস্তার করছে।