ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে বিদায়

ফুটবল বিশ্বকাপে সরাসরি সম্প্রচার চলাকালে ইরান এবং নিউজিল্যান্ড দলকে একে অপরের সঙ্গে গুলিয়ে ফেলেন এক ধারাভাষ্যকার। এই ভুলের জেরে তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি তাকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে।

গত মঙ্গলবার টিআরটি নিশ্চিত করেছে যে ওই ধারাভাষ্যকারকে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ সম্প্রচার দল থেকে প্রত্যাহার করা হয়েছে। পুরো টুর্নামেন্টে তিনি আর কোনো ম্যাচের ধারাভাষ্য দেবেন না। এ বিষয়ে তদন্ত চলছে।

টিআরটি জানিয়েছে, ওই ধারাভাষ্যকারের নাম মুরাত একরেম চিমেন।

তুরস্কের সংবাদমাধ্যমে বলা হয়, সম্প্রচারের প্রথম কয়েক মিনিটে চিমেন ইরানের আক্রমণগুলোকে নিউজিল্যান্ডের আক্রমণ এবং নিউজিল্যান্ডের আক্রমণগুলোকে ইরানের বলে বর্ণনা করছিলেন।

এই ভুলটিকে তাদের সম্প্রচার মানদণ্ডের পরিপন্থী এবং অমার্জনীয় বলে আখ্যায়িত করেছে টিআরটি।

তারা এক বিবৃতিতে জানায়, এই ভুলের জন্য আমরা আমাদের দর্শক এবং জনসাধারণের কাছে ক্ষমা চাইছি। ৩০ বছরের বেশি ক্রীড়া সম্প্রচারের অভিজ্ঞতাসম্পন্ন কোনো ব্যক্তির কাছ থেকে এমন ভুল গ্রহণযোগ্য নয়।

গত সোমবার রাতের ‘জি’ গ্রুপের ওই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। নিউজিল্যান্ড দুবার এগিয়ে গেলেও ইরান দুবারই সমতা ফিরিয়ে তাদের উদ্বোধনী ম্যাচ থেকে এক পয়েন্ট নিশ্চিত করে।

নিউজিল্যান্ডের হয়ে এলিজাহ জাস্ট দুটি গোল করেন, আর ইরানের হয়ে গোল শোধ করেন রামিন রেজাইয়ান এবং মোহাম্মদ মোহেবি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের কারণে চলতি বিশ্বকাপে ইরানকে বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশ্বকাপের আগে ইরান তাদের ট্রেনিং বেস মেক্সিকোতে সরিয়ে নেয় এবং গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে তাদের প্রতিবারই মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসতে হবে।