হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে রাফিনিয়ার চোটে। ফিলাডেলফিয়ায় প্রথমার্ধের শেষদিকে ডান পায়ের উরুর পেশিতে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার এই ফরোয়ার্ড। এবার তারকা খেলোয়াড় রাফিনহার বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রাফিনিয়ার চোট নিয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের বরাত দিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানায়, রাফিনিয়ার ডান ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। এ কারণে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।
সেখানে আরও বলা হয়েছে, রাফিনিয়া দলের সঙ্গেই যুক্তরাষ্ট্রে থাকবেন এবং যত দ্রুত সম্ভব মাঠে ফেরার লক্ষ্যে নিবিড় চিকিৎসা প্রটোকলের মধ্য দিয়ে যাবেন।
রাফিনিয়াকে শেষ ষোলোর মঞ্চে খেলানোর আশায় আছে সিবিএফ। কোয়ার্টার ফাইনালে ওঠার সেই লড়াই শুরু হবে প্রায় দুই সপ্তাহ পর। তবে সে জন্য সবার আগে ব্রাজিলকে শেষ ষোলোয় উঠতে হবে।
রাফিনিয়ার পরিবর্তে মাঠে নামেন রায়ান। তরুণ এই খেলোয়াড় এএফসি বর্নমাউথের হয়ে খেলেন। এরপর ব্রাজিল ৩-০ গোলে ম্যাচ জিতে নেয় এবং প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর গ্রুপের শীর্ষস্থানে উঠে আসে।
এত দুঃসংবাদের মাঝেও ব্রাজিলের জন্য বড় স্বস্তির খবর হলো তাদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমারের ফেরা। পায়ের নিচের অংশের পেছনের দিকের মাংসপেশির চোট থেকে সেরে উঠেছেন তিনি। ইতালিয়ান কোচ আনচেলত্তি নিশ্চিত করেছেন, প্রথম দুই ম্যাচ মিস করা নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।