Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

উনদাভের জোড়া গোলে জার্মানির নাটকীয় জয়

বিরতির পর আক্রমণের ধার আরো বাড়ায় জার্মানি

আপডেট : ২১ জুন ২০২৬, ১০:২৬ এএম

টরন্টোতে এক সময় মনে হচ্ছিল চমক দেখাতে যাচ্ছে আইভরি কোস্ট। কিন্তু শেষ বাঁশি বাজার পর আবারও সত্যি হলো ফুটবলের সেই পুরোনো বাস্তবতা-শেষ হাসিটা হাসল জার্মানিই।

বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিল জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা।

ম্যাচের ৩০তম মিনিটে ফ্রাঙ্ক কেসির গোলে এগিয়ে যায় আইভরি কোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলা থেকে ফিরতি বলে শক্তিশালী শটে জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। প্রথমার্ধে জার্মানি দুইবার বল জালে পাঠালেও অফসাইড ও ফাউলের কারণে দুটি গোলই বাতিল হয়ে যায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

বিরতির পর আক্রমণের ধার আরো বাড়ায় জার্মানি। ৬০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কোচ নাগেলসমান। বদলি নেমেই দারুণ প্রভাব রাখেন নাদিম আমিরি ও ডেনিজ উনদাভ।

এর ফল আসে ৬৮তম মিনিটে। আমিরির নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফেরান উনদাভ। এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। ৮৮ মিনিটে পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় আইভরি কোস্ট, যার মূল্য দিতে হয় শেষ পর্যন্ত।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও নায়ক উনদাভ। বক্সের ভেতরে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করে জার্মানিকে ২-১ ব্যবধানে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি।

এই জয়ে শুধু নকআউট নিশ্চিতই হয়নি, বিশ্বকাপের ইতিহাসেও নতুন এক কীর্তি গড়েছে জার্মানি। ম্যাচের কোনো এক পর্যায়ে পিছিয়ে থেকেও বিশ্বকাপে সর্বোচ্চ ১৬টি জয় তুলে নেওয়ার রেকর্ড এখন তাদের দখলে। এ ক্ষেত্রে তারা ছাড়িয়ে গেছে ব্রাজিলকে, যাদের এমন জয় রয়েছে ১৫টি। একই ম্যাচে বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন জার্মান অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।

দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট। এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ইকুয়েডর ও কুরাসাও।

   

About

Popular Links

x