প্রথম ম্যাচের ধাক্কা সামলে হাইতির বিপক্ষে ৩–০ গোলের দাপুটে জয়ে স্বস্তি ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শিবিরে। এই জয়ে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থানে উঠে এসেছে সেলেসাওরা। তবে স্বস্তি ফিরলেও এখনো নকআউট পর্ব বা শেষ ৩২-এর টিকিট নিশ্চিত হয়নি ভিনিসিউস-রদ্রিগোদের। দ্বিতীয় পর্বে পা রাখতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জটিল কিছু সমীকরণ মেলাতে হবে ব্রাজিলকে।
এক অর্থে নকআউটের টিকিট পাওয়ার সমীকরণটা সহজ—স্কটিশদের বিপক্ষে হার এড়ালেই নিশ্চিত হবে পরের রাউন্ড। কিন্তু ম্যাচটিতে কোনো কারণে হেরে গেলেই পড়তে হবে বড় বিপদে। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের সম্ভাব্য তিনটি সমীকরণ একনজরে দেখে নেওয়া যাক:
১. স্কটল্যান্ডের বিপক্ষে জিতলে
ব্রাজিল যদি স্কটল্যান্ডকে হারাতে পারে, তবে কোনো সমীকরণ ছাড়াই সরাসরি শীর্ষ দুইয়ে থেকে শেষ ৩২-এ জায়গা করে নেবে। প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে ড্র হওয়ায় দুই দলেরই হেড-টু-হেড সমান। তাই শেষ ম্যাচে মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জিতে ব্রাজিলের সমান ৫ পয়েন্টও করে, তবুও গোল ব্যবধানে এগিয়ে থাকা দলটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি হবে রানার্স-আপ। অর্থাৎ, জিতলে ব্রাজিলের পরের রাউন্ড নিশ্চিত।
২. স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলে
ম্যাচটি ড্র হলে ব্রাজিলের পয়েন্ট হবে ৫। তখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলের ওপর। মরক্কো যদি হাইতির সঙ্গে ড্র করে বা হেরে যায়, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে যাবে। আর মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয়, তবে মরক্কো হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং ব্রাজিল দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করবে।
৩. স্কটল্যান্ডের বিপক্ষে হারলে
যদি স্কটল্যান্ডের কাছে ব্রাজিল হেরে যায়, তবে স্কটিশদের পয়েন্ট হবে ৬। তখন ব্রাজিলের ভাগ্য সম্পূর্ণ ঝুলে থাকবে মরক্কোর ম্যাচের ওপর।
মরক্কো জিতলে বা ড্র করলে তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে এবং ব্রাজিল গ্রুপে তৃতীয় স্থানে নেমে যাবে। সেক্ষেত্রে সরাসরি নকআউটের সুযোগ হারিয়ে ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে ‘সেরা তৃতীয় দল’ হওয়ার মারপ্যাঁচে। ১২টি গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলগুলোর মধ্যে সেরা ৮টির একটি হতে পারলে তবেই মিলবে টিকিট। অন্যথায় ১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ের লজ্জায় পড়তে হবে সেলেসাওদের। তবে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তবে ব্রাজিল গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে সরাসরিই পরের রাউন্ডে যাবে।
বর্তমানে ২ ম্যাচে ৪ পয়েন্ট ও ৩ গোল ব্যবধান নিয়ে ব্রাজিল টেবিলের শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট ও ১ গোল ব্যবধান নিয়ে মরক্কো দ্বিতীয়, ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড তৃতীয় এবং কোনো পয়েন্ট না পেয়ে হাইতি তলানিতে অবস্থান করছে। পরিসংখ্যান বলছে, হাইতিকে হারিয়ে ব্রাজিল সুবিধাজনক অবস্থানে থাকলেও স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি ভিনিসিউসদের জন্য রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে।



