ঢাবিতে মেসিদের খেলা দেখবে আর্জেন্টাইন কনটেন্ট ক্রিয়েটররা 

বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির প্রতি ভক্তদের উন্মাদনা দেখতে বাংলাদেশে ছুটে এসেছেন আর্জেন্টাইন ভ্রমণ লেখক ও কনটেন্ট নির্মাতা ড্যান লান্দে। 

সোমবার (২২ জুন) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসিন হলের মাঠে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচ উপভোগ করার কথা রয়েছে লান্দে ও তার টিমের। এ সময় তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 

ড্যান লান্দে আর্জেন্টিনার জনপ্রিয় ভ্রমণ লেখক, কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত। তিনি রুলো নামেও পরিচিত।

এর আগে, রবিবার (২১ জুন) সকালে লান্দে ও তার টিম ঢাকায় আসে। ২৯ জুন পর্যন্ত তাদের বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। 

সফরকালে ড্যান লান্দে ও তার দল বাংলাদেশি সমর্থকদের সঙ্গে বড় পর্দায় আগামী ২২ ও ২৮ জুন আর্জেন্টিনার খেলা দেখবেন। এর মধ্যে সোমবার রাতে মুহসিন হলের মাঠে উপস্থিত থেকে ডালাসে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার খেলা দেখবেন বলে জানা গেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা নাহিদুজ্জামান শিপন বলেন, “আমি ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উপদেষ্টা হিসেবে তাদের সাথে দেখা করেছি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা দেখতে আসতে চাচ্ছেন। তবে এটা নির্ভর করছে আজকের পরিবেশ এবং আবহাওয়ার ওপর। সবকিছু ঠিকঠাক থাকলে মুহসিন হলের মাঠে তারা আর্জেন্টিনার খেলা দেখবেন।” 

এদিকে আগামী ২৪ জুন দুপুর ২টায় লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষ্যে রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমব আয়োজন করছে ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ। সেই আয়োজনেও উপস্থিত থাকার কথা রয়েছে আর্জেন্টিনার প্রতিনিধি দলের। 

ঢাকার আর্জেন্টিনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি আর্জেন্টিনার মানুষের কৃতজ্ঞতা জানাতে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করতে তাদের এই বাংলাদেশ সফর।