Monday, June 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাঠে নামার আগে হঠাৎ একাদশে পরিবর্তন আনলো আর্জেন্টিনা

এই ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের

আপডেট : ২২ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়ার পর এবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ডালাসে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে জয় পেলেই দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব) নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলবিসেলেস্তে শিবিরে বড় কোনো পরিবর্তনের আভাস না থাকলেও একাদশে একটি ছোট বদল আনছেন কোচ লিওনেল স্কালোনি।

ডান পায়ের হ্যামস্ট্রিং চোটের কারণে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলকে। তার পরিবর্তে আজ রক্ষণভাগের ডান প্রান্তে শুরু থেকেই মাঠে নামবেন নাহুয়েল মোলিনা।

প্রথম ম্যাচের উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ স্কালোনি বড় কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি। আক্রমণভাগে তরুণ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে আসতে পারেন, এমন আলোচনা ফুটবল পাড়ায় থাকলেও, ম্যাচ ফিটনেস পুরোপুরি না ফেরায় শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের ওপরই আস্থা রাখছেন কোচ।

মিডফিল্ড ও আক্রমণভাগের সংযোগ তৈরিতে থিয়াগো আলমাদা এবং নিকোলাস গঞ্জালেসের মধ্যে একাদশে জায়গা পাওয়া নিয়ে জোর প্রতিদ্বন্দ্বিতা ছিল। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আলমাদাই কোচের গুডবুকে এগিয়ে রয়েছেন। ফলে আজকেও তাকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।

রক্ষণভাগের বাম প্রান্তে খেলবেন ফাকুন্দো মেদিনা। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়ে শুরুতেই কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। তাকে ম্যাচের দ্বিতীয়ভাগে বদলি হিসেবে মাঠে নামানো হতে পারে। এছাড়া মাঝমাঠের চিরাচরিত আস্থা রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের ওপরই ভরসা রাখছে আর্জেন্টিনা। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে লিয়ান্দ্রো পারেদেসকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হবে।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি (অধিনায়ক) ও লাউতারো মার্টিনেজ।

   

About

Popular Links

x