লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিশ্বকাপের “জি” গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে খালি হাতেই আটকে দিয়েছে ইরান। শুরু থেকে আক্রমণে আধিপত্য বিস্তার করলেও গোলের দেখা পায়নি বেলজিয়াম। আর এসবই ঘটেছে ইরানের দুর্দান্ত রক্ষণভাগ ও গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দের দৃঢ়তায়।
ম্যাচে বেলজিয়াম ২৩টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে। তবে সবগুলোই ঠেকিয়ে দেন বেইরানভান্দ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ম্যাক্সিম ডি কুইপারের প্রায় নিশ্চিত গোল অবিশ্বাস্য সেভে রুখে দিয়ে আলোচনায় আসেন তিনি।
অন্যদিকে, বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ইরান একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। বেলজিয়ামের দুটি গোলও অফসাইড ও ভিএআরের সিদ্ধান্তে বাতিল করা হয়।
ম্যাচের ৬৬ মিনিটে ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বেলজিয়াম। এরপর ইরান কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও জয়ের গোল পায়নি।
দুই ম্যাচ শেষে ইরান ও বেলজিয়ামের পয়েন্ট সমান ২ হলেও গোল পার্থক্যে গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। এক ম্যাচ করে খেলা নিউজিল্যান্ড ও মিসরের পয়েন্ট ১।



