নকআউটের জন্য যেসব সমীকরণের সুতোয় ঝুলছে ইরান

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাস গড়ল আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। কেপ ভার্দের মতো একই সমীকরণে হেঁটে গ্রুপ পর্বের তিন ম্যাচেই ড্র করেছে ইরানও। তবে অনেক ঝড়-ঝাপ্টা পেরিয়ে বিশ্বকাপে আসা ইরানিদের নকআউট পর্বের ভাগ্য এখনো সুতোয় ঝুলছে। ‘জি’ গ্রুপের তিন নম্বরে থেকে খেলা শেষ করায় পরের রাউন্ডে যাওয়ার বিষয়টি এখন আর তাদের নিজেদের হাতে নেই।

নিউজিল্যান্ড ও বেলজিয়ামের পর আজ মিশরকেও রুখে দিয়েছে ইরান। বর্তমানে তারা গ্রুপে তৃতীয় হওয়া শীর্ষ আট দলের তালিকায় ছয় নম্বরে অবস্থান করছে। ফলে আর মাত্র দুটি দল ইরানের ওপরে উঠলেই তারা নয় নম্বরে নেমে যাবে, যা তাদের নকআউট পর্বের আশা একবারে শেষ করে দেবে।

ইরানের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আগামী ম্যাচগুলোর কয়েকটি কঠিন সমীকরণ তাদের পক্ষে যেতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক ইরানের নকআউটে ওঠার সমীকরণগুলো:

১. অস্ট্রিয়া ও আলজেরিয়া ম্যাচে যেকোনো একটি দলকে অবশ্যই জয়ী হতে হবে। এই ম্যাচটি কোনোভাবেই ড্র হওয়া যাবে না। তবে অস্ট্রিয়া জিতলে তা ইরানের জন্য বেশি সুবিধাজনক হবে।

২. ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে উজবেকিস্তানকে হয় জয়লাভ করতে হবে, না হয় ম্যাচটি ড্র হতে হবে। উজবেকিস্তান হেরে গেলে ইরানের বিদায় ঘণ্টা বেজে যাবে।

৩. অন্য আরেকটি ম্যাচে শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে ঘানাকে অবশ্যই জয়ী হতে হবে।

সব মিলিয়ে কেপ ভার্দে ড্রয়ের ধারাবাহিকতা বজায় রেখে শেষ ৩২-এ জায়গা করে নিলেও, ইরানকে এখন চেয়ে থাকতে হচ্ছে অন্য দলগুলোর জয়-পরাজয়ের হিসাবের দিকে।