অর্ধশতাব্দীরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল ডিআর কঙ্গো। উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুধু জয়ই নয়, প্রথমবারের মতো নকআউট পর্বেও জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।
১৯৭৪ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে তিন ম্যাচেই হেরেছিল ডিআর কঙ্গো। দীর্ঘ ৫২ বছর পর আবার বিশ্বমঞ্চে ফিরে প্রথম দুই ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র এবং কলম্বিয়ার কাছে পরাজয়ের পর শেষ ম্যাচেই লিখল নতুন ইতিহাস।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। ১০ মিনিটেই এল্দর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইওয়ান উইসা। এরপর ৭৮ মিনিটে ফিস্তন মায়েলের গোলে এগিয়ে যায় ডিআর কঙ্গো। যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন উইসা।
এই জয়ে গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রাউন্ড অব থার্টি টু নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে তিন ম্যাচেই হেরে বিদায় নিতে হয়েছে উজবেকিস্তানকে।