আক্রমণের পর আক্রমণ চালিয়েও জয় তুলে নিতে পারেনি কলম্বিয়া। তবে গোলশূন্য ড্র-ই তাদের জন্য যথেষ্ট ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠার জন্য। বিপরীতে পর্তুগাল দ্বিতীয় স্থান নিয়েই পরের পর্বে জায়গা নিশ্চিত করেছে।
ম্যাচের পরিসংখ্যানও ছিল কলম্বিয়ার পক্ষেই। তারা ২৪টি শট নেয়, যেখানে পর্তুগালের শট ছিল মাত্র ১৩টি। হামেশ রদ্রিগেজ মাঠে নেমে আক্রমণে গতি আনেন, তৈরি করেন একাধিক সুযোগ। লুইস দিয়াজ, জন আরিয়াস ও জন কর্দোবাও নিয়মিত চাপ সৃষ্টি করেন প্রতিপক্ষের রক্ষণে।
তবে পর্তুগালের রক্ষণভাগ দৃঢ় থাকায় গোল আদায় করতে পারেনি কলম্বিয়া। শেষ মুহূর্তে দাভিনসন সানচেজের হেড জালে জড়ালেও ভিডিও পর্যালোচনায় অফসাইড ধরা পড়ে।
তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া এবং পরের পর্বে তাদের প্রতিপক্ষ ঘানা। আর ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া পর্তুগাল রাউন্ড অব থার্টি টুতে মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। সেই পরীক্ষা উতরে গেলে শেষ ষোলোয় তাদের অপেক্ষায় রয়েছে স্পেন।



