গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে, টানা দুই হারে প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল তুরস্কের। ফলে দুই দলের মুখোমুখি লড়াইটি ছিল কেবলই গ্রুপ পর্বের শেষ নিয়মরক্ষার ম্যাচ। তবে মাঠের লড়াইয়ে তার কোনো কমতি ছিল না। জয়ের জন্য লড়া টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে ৩–২ ব্যবধানে হারিয়ে দিয়েছে তুরস্ক।
ম্যাচে হারলেও গোল ব্যবধান ও পয়েন্টের সমীকরণে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে পা রেখেছে স্বাগতিকরা। তবে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ওপর নিজের ক্ষোভ ও বিরক্তি লুকাতে পারেননি যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো।
সংবাদ সম্মেলনে কিছুটা ক্ষুব্ধ কণ্ঠে পচেত্তিনো বলেন, গ্রুপে প্রথম হওয়ার জন্য কেউ আমাদের অভিনন্দন পর্যন্ত জানায়নি। আমি খুবই ইতিবাচক এবং খুশি। আমাদের মূল লক্ষ্য ছিল গ্রুপ সেরা হওয়া, আর আমরা সেটাই করতে পেরেছি।
তুরস্কের কাছে এই হার নকআউট পর্বে দলের আত্মবিশ্বাসে কোনো প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বেশ বিরক্ত হয়ে বলেন, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে উঠেছি। আপনাদের মনে করিয়ে দিতে হচ্ছে যে আমরা গ্রুপ জিতেছি। আগের চেয়ে এখন আমরা অনেক ভালো দল। হারার পর আপনাদের করা প্রশ্নগুলো আমার কাছে একটু অদ্ভুত লাগছে।
বিদায় নিশ্চিত হলেও স্বাগতিকদের হারিয়ে টুর্নামেন্টে সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরস্ক। অন্যদিকে, গ্রুপ সেরা হওয়ার আনন্দ থাকলেও নকআউটের ঠিক আগে মাঠের পারফরম্যান্স ও রক্ষণভাগের দুর্বলতা নিয়ে পচেত্তিনোর কপালে চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে।



