Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন, ফি কত টাকা?

একজন নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে ইস্যুর তারিখ থকে ১৫ বছর

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৮:৪১ পিএম

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন করা বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের নিয়ম থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে সুরক্ষাজনিত কারণে এবং ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করতে বিষয়টি এখন বাধ্যতামূলক করা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইসি কর্মকর্তারা জানান, ১৫ বছর একটি দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে মানুষের চেহারায় ব্যাপক পরিবর্তন আসে। অনেকে ইচ্ছাকৃত পরিবর্তন করেন, আবার কেউ কেউ সার্জারির মাধ্যমে জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন করে থাকেন। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে মানুষের আঙুলের ছাপের কোয়ালিটি কমে যাওয়ায় ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতার সৃষ্টি হয়। এই সুযোগে তথ্য কারসাজির অসদুপায় অবলম্বনেরও একটা ঝুঁকি থেকে যায়। তাই পরিচয় যাচাই প্রক্রিয়া সহজ ও সুরক্ষিত করতে নবায়ন বাধ্যতামূলক করার আলোচনা চলছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ এর ধারা ৭-১ অনুযায়ী, একজন নাগরিককে প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। আইনের ২ ধারায় বলা আছে, জাতীয় পরিচয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে কমিশনের কাছে নবায়নের আবেদন করতে হবে।

জাতীয় পরিচয়পত্র বিধিমালার ৫ বিধি অনুসারে, নবায়নের জন্য সরাসরি অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। জরুরি আবেদনের ক্ষেত্রে সাত দিন এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিন সময় নির্ধারণ করা আছে। নবায়নের জন্য জরুরি ফি ১৫০ টাকা এবং সাধারণ ফি ১০০ টাকা নির্ধারিত রয়েছে। তবে এই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হলে কোনো ফি ছাড়া অর্থাৎ বিনামূল্যে করা যায় কি না, তা-ও ভাবছে কমিশন।

নবায়নের এই কার্যক্রমে আবেদনকারীকে সশরীরে উপস্থিত হয়ে নতুন করে বায়োমেট্রিক ফিচার দিতে হবে। বিধিমালা অনুযায়ী বায়োমেট্রিক ফিচারের মধ্যে আঙুলের ছাপ, হাতের ছাপ, চোখের আইরিশ, মুখাবয়ব ও স্বাক্ষরসহ অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত রয়েছে; যার মধ্যে বর্তমানে আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়া হচ্ছে। সব প্রক্রিয়া শেষ হলে পুরাতন জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে একই নম্বরের নতুন নবায়িত কার্ড সংগ্রহ করতে পারবেন নাগরিকেরা।

ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত মানুষ এনআইডি হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে নতুন কার্ডের জন্য আবেদন করেন। কিন্তু সে ক্ষেত্রে এনআইডির ছবি বা বায়োমেট্রিক তথ্যের কোনো পরিবর্তন হয় না এবং ফি-ও অনেক বেশি দিতে হয়। প্রথমবার হারানোর ক্ষেত্রে সাধারণ ফি ২০০ টাকা এবং জরুরি ফি ৩০০ টাকা। পরবর্তী প্রতিবারে এই ফি সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর বিপরীতে নবায়ন করা হলে কম খরচে ছবি, আঙুলের ছাপ ও আইরিশের মতো তথ্য হালনাগাদ করা সম্ভব হয়, যা ব্যক্তির পরিচয় যাচাইকে আরও নিখুঁত করে তোলে।

এই উদ্যোগের বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে আবেদন করে নতুন এনআইডি নেওয়ার সুযোগ বর্তমানে চালু আছে। তবে ১৫ বছরে চেহারায় বা অন্যান্য ক্ষেত্রে যে পরিবর্তন আসে, তা বিবেচনায় নিয়ে এটি বাধ্যতামূলক করা যায় কি না, তা নিয়ে কমিশনে আলোচনা চলছে।

এনআইডি মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা এ প্রসঙ্গে বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যালোচনার মধ্যে রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

   

About

Popular Links

x