বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউটের ব্র্যাকেট প্রায় চূড়ান্ত। এক ম্যাচ হাতে রেখেই নিজেদের গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে শেষ ৩২ থেকে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষের একটি পরিষ্কার চিত্রও সামনে এসেছে।
নকআউটের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে এইচ গ্রুপের রানার্সআপ কেপ ভার্দে। বিশ্বকাপে অভিষেক হলেও শক্তিশালী উরুগুয়ে ও স্পেনের গ্রুপ থেকে নকআউটে জায়গা করে নিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দলটি।
শেষ ৩২ পার হতে পারলে শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিসর। অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলে ২০২২ কাতার বিশ্বকাপের স্মৃতি ফিরে আসবে। সেবারও একই পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে অপেক্ষা করতে পারে আরও কঠিন চ্যালেঞ্জ। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ কে গ্রুপের চ্যাম্পিয়ন, যা নির্ধারিত হবে কলম্বিয়া-পর্তুগাল ম্যাচের পর। পাশাপাশি সুইজারল্যান্ডও শেষ আটে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ।
সেমিফাইনালে গেলে প্রতিপক্ষ হিসেবে আসতে পারে দুই ইউরোপ-দক্ষিণ আমেরিকার পরাশক্তি ব্রাজিল অথবা ইংল্যান্ড।
আর যদি ফাইনালে জায়গা করে নিতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, তবে শিরোপার লড়াইয়ে তাদের সামনে থাকতে পারে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস কিংবা জার্মানির মতো শক্তিশালী দল।
আর্জেন্টিনার সম্ভাব্য সূচি
- রাউন্ড অব ৩২: ৪ জুলাই, ভোর ৪টা -মায়ামি
- রাউন্ড অব ১৬: ৭ জুলাই, রাত ১০টা -আটলান্টা
- কোয়ার্টার ফাইনাল: ১২ জুলাই, সকাল ৭টা -কানসাস সিটি
- সেমিফাইনাল: ১৬ জুলাই, রাত ১টা - আটলান্টা
- ফাইনাল: ২০ জুলাই, রাত ১টা - নিউজার্সি
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা আর্জেন্টিনার সামনে তাই শুরু থেকেই অপেক্ষা করছে একের পর এক কঠিন পরীক্ষা। তবে নকআউট পর্বে নিজেদের সেরা ফুটবল খেলতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে আলবিসেলেস্তেরা।



