লিওনেল মেসি আবার ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন। ২০২৬ বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
এর আগে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি জাইরজিনিও টানা ছয় ম্যাচে গোল করে যে রেকর্ড গড়েছিলেন, সেটিই ছিল বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ। এবার সেই ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে এককভাবে নতুন মাইলফলক স্পর্শ করলেন মেসি।
মেসির এই গোলযাত্রা শুরু হয়েছিল ২০২২ কাতার বিশ্বকাপ থেকে। সেবার অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গোল করেন তিনি। এরপর ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে টানা ছয় ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করেন। জর্ডানের বিপক্ষে ফ্রি-কিক থেকে করা গোলটি তাকে পৌঁছে দেয় টানা সাত ম্যাচে গোলের অনন্য উচ্চতায়।
চলতি বিশ্বকাপে তিন ম্যাচে ছয় গোল করে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। নকআউট পর্বের আগে তার এই পারফরম্যান্স আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও শক্তিশালী করেছে।