ফিলিস্তিনি গোল কিপারকে গুলি করে হত্যা

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাবের গোলরক্ষক সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী আল-আশকার নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

ক্যারিয়ারে আল-আশকার খান ইউনিসের খাদামাত ক্লাবের পাশাপাশি আল-আকসা ও আল-মুসাদ্দার ক্লাবের হয়েও খেলেছেন। স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি একজন পরিচিত গোলরক্ষক ছিলেন।

ব্যক্তিগত জীবনেও সম্প্রতি নতুন অধ্যায় শুরু করেছিলেন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ফলে তার মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে এসেছে।

ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।