বিশ্বকাপের ইতিহাসে যে রেকর্ড এমবাপ্পে ছাড়া কেউ করতে পারেনি

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। শুক্রবার (৯ জুলাই) যুক্তরাষ্ট্রের বস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের গোল ও উসমান দেম্বেলের নৈপুণ্যে জয় তুলে নেয় লে ব্লুজরা।

এই জয়ের মাধ্যমে বিদায়ী টুর্নামেন্ট খেলতে থাকা প্রধান কোচ দিদিয়ের দেশমের অধীনে আবারও বিশ্বকাপের শেষ চারে উঠল ফ্রান্স।

প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের অচলাবস্থা ভেঙে চলতি বিশ্বকাপে নিজের অষ্টম গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির সমতায় পৌঁছানোর পাশাপাশি নতুন একটি রেকর্ডও গড়েন এমবাপ্পে।

মাত্র ২৭ বছর বয়সে বিশ্বকাপে ২০ গোল করার কীর্তি গড়ে ইতিহাসে প্রথম ৩০ বছরের কম বয়সী ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বিশ্বকাপে ২০ বা তার বেশি গোল করা খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নেন ফরাসি এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে এমবাপ্পের সামনে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল। ডি-বক্সে নুসাইর মাজরাউইয়ের চ্যালেঞ্জে তিনি পড়ে গেলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে রিপ্লেতে ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত ১২ গজ থেকে নেওয়া এমবাপ্পের শট দুর্দান্তভাবে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনু।

বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। নিজের গোলের পর দ্বিতীয় গোলেও অবদান রাখেন এমবাপ্পে। তার বাড়ানো বল থেকে উসমান দেম্বেলে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৭৬তম মিনিটে গোড়ালিতে অস্বস্তি অনুভব করলে কোনো ঝুঁকি না নিয়ে এমবাপ্পেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। অন্যদিকে ইনজুরির কারণে মরক্কোর গুরুত্বপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার ইসমাইল সাইবারির অনুপস্থিতি দলটির আক্রমণভাগে প্রভাব ফেলে।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালেও মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালেও একই প্রতিপক্ষকে বিদায় করে শেষ চারে জায়গা নিশ্চিত করল তারা।

সেমিফাইনালে আগামী মঙ্গলবার (দিবাগত রাত ১টা) ডালাসে স্পেন অথবা বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।